এলপি গ্যাসের কোনো প্রকৃত সংকট না থাকলেও বাজারে কারসাজি করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। তিনি বলেন, সরকার এই কারসাজি রোধে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো সংশ্লিষ্টদের কথামতো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের পক্ষ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ১ হাজার ৫৮৫ টাকা ছিল। চলতি বছরের বিভিন্ন সময়ে এলপিজির দাম বারবার পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গত জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা ছিল, যা পরে বিভিন্ন ধাপে কমা ও বাড়ার পর এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রান্নার কাজে এলপিজি ব্যবহারকারী প্রায় এক কোটি মানুষের জীবনে এই মূল্যবৃদ্ধি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন। বাজার কারসাজিকারীদের প্রতিহত করতে এবং জনদুর্ভোগ কমাতে অবিলম্বে এই বর্ধিত মূল্য হ্রাসের পাশাপাশি কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মাওলানা গাজী আতাউর রহমান।
কৃত্রিম সংকট তৈরি করে এলপি গ্যাসের দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।



0 মন্তব্যসমূহ