রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুলতানা (৩৯) এবং মো. আসলাম আলী (৫৫)। মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী মো. মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে সুলতানার পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে সুলতানা তাকে নিজের বাসায় দাওয়াত দেন। পরে বিকেল চারটার দিকে ভুক্তভোগী ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় গেলে সেখানে আগে থেকেই আরও দুই ব্যক্তি অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী বাসায় প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। এ সময় তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে জখম করেন এবং পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করেন। পরবর্তী সময়ে নগদ ও বিকাশ হিসাবের মাধ্যমে ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হয় এবং আসামিরা তা থেকে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, আসামিরা আরও টাকা দাবি করলে ভুক্তভোগী অস্বীকৃতি জানান, যার প্রেক্ষিতে তাকে ভয়ভীতি দেখিয়ে তিনটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী রাজপাড়া থানায় এজাহার দায়ের করলে গত ৫ অক্টোবর বিকেলে রাজপাড়া থানা পুলিশ ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে সুলতানা ও মো. আসলাম আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন, ভুক্তভোগীর স্বাক্ষরকৃত তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ভুক্তভোগীর হিসাব থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা এবং সুলতানার দেখানো শপিং ব্যাগ থেকে ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসলাম আলীর বিরুদ্ধে পুঠিয়া থানায় পূর্বে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
রাজশাহীতে এক ব্যক্তিকে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্ট্যাম্প ও টাকা উদ্ধার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ