Recents in Beach

ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জে খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জে খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার একটি মাঠ ট্রাক্টর দিয়ে চাষ করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। চার বিঘা আয়তনের এই মাঠটি সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নিজ গ্রাম উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড়ে অবস্থিত। জমিটি দখলের অভিযোগ উঠেছে সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হেকমত আলী সরকারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে হেকমত আলী সরকার ও তাঁর পরিবারের সদস্যরা ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করে দখলে নেন। ঐতিহ্যবাহী এই খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী শুক্রবার মাঠটি দখলমুক্ত করে খেলার জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি এই খোলা জায়গায় গ্রামের শিশু-কিশোররা খেলাধুলা করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার মিলে ট্রাক্টর দিয়ে মাঠজুড়ে চাষাবাদ করে এটি দখলে নেন। সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হোসেন জানান, চার বিঘা আয়তনের এই জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ২০১৯ সালে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে মাটি ভরাট করেছিলেন। পরবর্তীতে গুচ্ছগ্রাম তৈরি না হলেও ভরাট করা ওই জায়গাটি স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। জমিটি নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে জামায়াত নেতা হেকমত আলী সরকার বলেন, আওয়ামী লীগের লোকজন তাঁদের জিম্মি করে জমিটি দখল করে মাটি ভরাট করেছিল। এখন সময় আসায় তাঁরা নিজেদের জায়গায় চাষাবাদ করছেন এবং এই জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। তবে হেকমত আলীর এই দাবি নাকচ করে সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জমিটি সম্পূর্ণ সরকারি সম্পত্তি এবং সাবেক চেয়ারম্যান শওকত ওসমান গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় মাটি ভরাট করার পর সেটি অব্যবহৃত থাকায় স্থানীয় শিশু-কিশোররা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিল। সরকারি জমি ব্যক্তিমালিকানায় চাষাবাদের বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে বলে জানান তিনি। নওকৈড় গ্রামটি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানের নিজ গ্রাম হলেও এই বিষয়ে বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত সহকারীর মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। এদিকে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান আলী মাঠ দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, জায়গাটি মূলত কোনো খেলার মাঠ নয়, সেখানে কিছু সরকারি জায়গা রয়েছে যা এলাকার লোকজন বিভিন্ন সময়ে লিজ নিয়ে চাষাবাদ করে আসছে এবং তাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, সরকারি জমি দখলের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে খুব দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুদের খেলার মাঠ দখল করে ট্রাক্টর দিয়ে চাষ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
সিরাজগঞ্জে খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ