বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাস অডিটোরিয়ামে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত এই সেমিনারে সহযোগী আয়োজক হিসেবে যুক্ত ছিল ক্যাব ইন্টারন্যাশনাল। সেমিনারে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান। সেমিনারে কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। প্রাণিসম্পদ ও মৎস্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ক্যাব ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞরা এসব প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন। বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিএসএসএফের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান। সেমিনারে বিশ্ব ডিম দিবস ২০২৬-এর প্রতিপাদ্য প্রোটিন দ্যাট পাওয়ারস অ্যান্ড প্রটেক্টস এবং বিশ্ব খাদ্য দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ইনোভেট টুডে, নারিশ টুমরো বা আজ উদ্ভাবন, আগামী দিনের সমৃদ্ধি তুলে ধরা হয়। আলোচনা শেষে নিরাপদ খাদ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংলাপ ও আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।



0 মন্তব্যসমূহ