নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ৩২ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। সোমবার দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার পথে অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া যায়। একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়। দুর্ঘটনার পরপরই দেশটির বিমানবাহিনী অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে। বিমানবাহিনী জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় চড়ে দুর্ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে স্থানীয় লোকজনের ভিড়ও লক্ষ করা গেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি ভেঙে পড়ার সময় কয়েকটি গাছ উপড়ে পড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়।
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ ৩২ জনের সবাই নিহত হয়েছেন। লাগোসে রুটিন মিশনে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।



0 মন্তব্যসমূহ