বিশ্ব বসতি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য সবার জন্য পর্যাপ্ত বাসস্থান। দেশের উন্নয়ন, নগরায়ণ ও আবাসনব্যবস্থার প্রশ্নটি আজ শুধু কিছু ঘর বা ফ্ল্যাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। করাইল, সাততলা ও ভাসানটেকের মতো অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারী শ্রমজীবী মানুষের শ্রম ছাড়া শহরের দৈনন্দিন জীবন প্রায় অচল। অথচ সেই শহরেই তাঁদের নিরাপদ ও সামর্থ্যের মধ্যে মর্যাদাপূর্ণ বাসস্থানের নিশ্চয়তা নেই। বাংলাদেশের সংবিধানের ১৫(ক) ও ১৬ অনুচ্ছেদে মৌলিক উপকরণের ব্যবস্থা এবং জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপির সহসভাপতি এবং স্থানিক পরিকল্পনার মুখ্য সমন্বয়ক শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, যে পরিবার ফ্ল্যাট পাওয়ার পর সেই ফ্ল্যাটে থাকার সামর্থ্য হারায়, তার জন্য সেই ফ্ল্যাট আবাসন সমাধান নয়। বাসস্থান শুধু চার দেয়াল ও একটি ছাদ নয়, এর সঙ্গে নিরাপত্তা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত এবং সামাজিক সম্পর্ক জড়িত। নতুন ফ্ল্যাট পেলেই আবাসন সমস্যার সমাধান হয় না; কারণ ভাড়া বা কিস্তি, পানি-বিদ্যুৎ ও যাতায়াত ব্যয় সামর্থ্যের বাইরে গেলে একসময় সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হয়। এই সংকট সমাধানে ১০টি করণীয় তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে যথাসম্ভব বর্তমান স্থানেই বস্তি উন্নয়ন, এক সমাধান সবার জন্য না রেখে বিভিন্ন বিকল্পের তুলনামূলক বিশ্লেষণ করা, জমির বন্দোবস্ত ও বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা, সাময়িক স্থানান্তরের আগে বাসিন্দাদের নির্ভরযোগ্য তালিকা ও ফিরে আসার লিখিত নিশ্চয়তা দেওয়া, এবং সাশ্রয়ী আবাসনের হিসাব পরিবারের মোট ব্যয় দিয়ে নির্ধারণ করা। এছাড়া জীবিকাকে আবাসনের কেন্দ্রে রাখা, বস্তিবাসীদের উন্নয়নের অংশীদার করা, মহল্লাকে জলবায়ু-সহনশীল ও দুর্যোগ-নিরাপদ করা, উন্নয়নের পর মূল বাসিন্দাদের বিতাড়ন ঠেকানো এবং দীর্ঘমেয়াদি জাতীয় আবাসন কর্মসূচি গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি সমাধানের ভিত্তি হতে হবে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় তিন স্তরের সমন্বিত স্থানিক পরিকল্পনা। উন্নয়নের সাফল্যের মাপকাঠি হিসেবে কত একর জমির উন্নয়ন হলো বা কত টাকা খরচ হলো, তা না দেখে ১০ বা ২০ বছর পর মূল পরিবারগুলো সেখানে থাকতে পারছে কি না, সেটাই দেখার বিষয় বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটি আসমানীর নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করার মাধ্যমেই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হয়েছে।
সবার জন্য পর্যাপ্ত বাসস্থান নিশ্চিত করতে ঘর নির্মাণের পাশাপাশি মানুষকেন্দ্রিক আবাসন নীতি ও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।



0 মন্তব্যসমূহ