Recents in Beach

ব্রেকিং নিউজ

মেয়াদোত্তীর্ণ শাহাদাত হোসেনকে চসিক প্রশাসক নিয়োগ দেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলার দাবি এনসিপির

মেয়াদোত্তীর্ণ শাহাদাত হোসেনকে চসিক প্রশাসক নিয়োগ দেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলার দাবি এনসিপির

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদোত্তীর্ণ মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেনকে একই করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দুপুরে নগরের চকবাজারের আলী প্লাজায় চট্টগ্রাম মহানগর এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সংগঠনের মহানগর সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন। সংবাদ সম্মেলনে আরিফ মঈনুদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ কোনো ব্যক্তিকে পুনরায় চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থি। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং দ্রুত এই বিতর্কিত নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রার আহ্বান জানান। মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতারা। সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ শোয়াইব বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না। নিয়োগ পুনর্বিবেচনা না করা হলে নগরবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত, গত রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী জারি করা এই আদেশে তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানি ও অন্যান্য ভাতা পাবেন। ২০২১ সালে নির্বাচিত চসিক পরিষদের প্রথম সভা হয়েছিল ওই বছরের ২৩ ফেব্রুয়ারি এবং নিয়মানুযায়ী গত ২২ ফেব্রুয়ারি পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। তবে শাহাদাত হোসেন এর আগে দাবি করেছিলেন, আদালতের আদেশে তার মেয়াদ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত রয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, আদালত তাকে মেয়র ঘোষণা করলেও মেয়াদের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেননি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। তবে শাহাদাত হোসেন বিভিন্ন সময়ে সাংবাদিকদের কাছে এবং গত ১৮ জুলাই এক অনুষ্ঠানে নিজের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত রয়েছে বলে দাবি করে আসছেন।

সংক্ষেপে:
মেয়াদোত্তীর্ণ শাহাদাত হোসেনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি এই নিয়োগ বাতিল করে নির্বাচনের দাবি জানিয়েছে সংগঠনটি।
মেয়াদোত্তীর্ণ শাহাদাত হোসেনকে চসিক প্রশাসক নিয়োগ দেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলার দাবি এনসিপির

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ