আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট টানা পাঁচ দিন ছুটি থাকবে। তবে এই ছুটির আগের শনিবার অর্থাৎ ১৭ অক্টোবর অফিস খোলা রাখতে হবে। এছাড়া প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে ক শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এই ছুটির সিদ্ধান্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিসের ক্ষেত্রেই কার্যকর হবে। অর্থাৎ নির্ধারিত ছুটির দিনগুলোতে এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে নতুন করে গ্রাম সরকার পুনর্বহালের বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠকে কেউ কেউ গ্রাম সরকার চালুর প্রস্তাব তুললেও বিষয়টি পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭০-এর দশকে প্রথম গ্রাম সরকার স্থানীয় সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। পরবর্তীতে ২০০৩ সালে এসংক্রান্ত আইন প্রণয়ন করা হলেও তা পরে বাতিল করা হয়। তৎকালীন ওই আইনে প্রতিটি ওয়ার্ডে একজন গ্রাম সরকার প্রধান, একজন উপদেষ্টা এবং তেরোজন সদস্য নিয়ে গ্রাম সরকার গঠনের বিধান ছিল। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার মতো কাজ করার কথা ছিল গ্রাম সরকারের।
আসন্ন দুর্গাপূজায় টানা পাঁচ দিন ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ