বিমানবন্দরে যাত্রী হয়রানি ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণের ঘটনায় আটক আখতারুজ্জামানকে জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোনো বিষয় এবং এটি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ করেছেন, তা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না এবং তার এই উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিমানবন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ডিবি আখতারুজ্জামানকে আটক করেছে বলে পোস্টে উল্লেখ করা হয়। আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে রাজাকারদের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছিলেন এই আখতারুজ্জামান এবং তার বলার ধরন বরাবরই উগ্র ছিল। তখনকার ভিডিও দেখলে বিষয়টি স্পষ্ট হয়। জুলাই অভ্যুত্থানকে আওয়ামী বয়ানে রাজাকারদের আন্দোলন বলা আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর পবিত্র হয়ে গেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, জামায়াতের নীতি হলো যত খারাপ লোকই হোক তাদের দলে যোগ দিলে তা জায়েজ হয়ে যায়। জামায়াতের আমিরের হাত ধরে দলে যোগ দিয়ে তিনি দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সামনের সারিতে বসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন। আখতারুজ্জামান আটকের পর বিভিন্ন স্থানে জামায়াত তার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেছে উল্লেখ করে তিনি জানান, নিরপেক্ষ জামায়াতপন্থিরা প্রশ্ন তুলছেন মিডিয়া কীভাবে তাকে জামায়াতের নেতা বলছে। এ বিষয়ে আবু হানিফ বলেন, আখতারুজ্জামানের জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ের বক্তব্য ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাবে যে তিনি জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক।
বিমানবন্দরে উগ্র আচরণের অভিযোগে আটক আখতারুজ্জামানকে জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।



0 মন্তব্যসমূহ