কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে নিহত তাজমিনকে বহনকারী সিএনজি অটোরিকশার চালক সুমনকে শনাক্ত করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিই সেই চালক কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় হলেও তিনি লালমাই উপজেলার বাগমারা দক্ষিণের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন এবং প্রায় এক মাস আগে বসতঘর বিক্রি করে চলে যান। সূত্র আরও জানায়, সুমন মাদকাসক্ত ছিলেন। তাকে ধরতে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তার বোন, বোনের স্বামী ও খালাশাশুড়িকে হেফাজতে নেয় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে পড়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার মালিক গাড়িচালক সুমন বলে নিশ্চিত করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে ফেরা আইকনিক পরিবহনের একটি বাসে করে কুমিল্লার পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে নামে তাজমিন। পরে রাত সোয়া ১২টার দিকে তিনি নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যান এবং বাসায় ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। নিহত তাজমিনের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার ধানমন্ডি পাড়ার ভাড়া বাসা থেকে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয়ে তাজমিন কক্সবাজারে যায় এবং সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। বুধবার রাতে মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হন পরিবার। পরে রাত আনুমানিক পৌনে দুইটার দিকে তাজমিনের মোবাইল ফোন থেকে একটি বার্তা ও লাইভ লোকেশন পাঠানো হয়, যেখানে তাকে গিয়ে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। আবদুল আলীম জানান, তিনি ঘুমিয়ে থাকায় সকালে মেসেজ দেখার পর লাইভ লোকেশনে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান।
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালককে শনাক্ত করার কথা জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।



0 মন্তব্যসমূহ