নেত্রকোণার মোহনগঞ্জে ভোরে হাত-মুখ ধুতে গিয়ে মুখোশধারী দুই দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার মাইলড়া রামকৃষ্ণ মন্দিরের পূর্ব পাশে পুকুরঘাটসংলগ্ন পাকা সড়কে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সুজন পাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জের মনোরমা মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করতেন এবং স্ত্রী টুম্পা পালকে সঙ্গে নিয়ে মাইলড়া এলাকায় এসআই তন্ময় সাহার বাসায় ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে জেগে মাইলড়া রামকৃষ্ণ মন্দিরের প্রায় একশ মিটার পূর্বে পুকুরে হাত-মুখ ধুতে যান সুজন। পরে পুকুরঘাট থেকে পাকা সড়কে ওঠার সময় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁকে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন। এ সময় তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে দ্রুত মোটরসাইকেলে করে দেওথান কালীমন্দিরের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক ক্লান্তি জানান, সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় সুজন হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বারহাট্টা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধস্থল পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছেন। তবে কী কারণে সুজনকে গুলি করা হয়েছে এবং হামলাকারীরা কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
নেত্রকোণার মোহনগঞ্জে ভোরে হাত-মুখ ধুতে যাওয়ার সময় মুখোশধারী দুই দুর্বৃত্তের গুলিতে সুজন পাল নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।



0 মন্তব্যসমূহ