একদল দোকান উচ্ছেদ করার পর অন্যপক্ষ টাকা নিয়ে পুনরায় তা বসিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, ফুটপাতের ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের জিম্মি করে চাঁদাবাজি করা হচ্ছে। সোমবার ২৬ অক্টোবর রাজধানীর মুগদা এলাকায় জনসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার একদিকে অটোরিকশা বন্ধ ও ফুটপাতের দোকান উচ্ছেদ করছে, অন্যদিকে সরকারদলীয় ব্যক্তিরাই চাঁদার বিনিময়ে আবার দোকান বসানোর ব্যবস্থা করছে। এই ধরনের কার্যক্রমকে তিনি চক্রবৃদ্ধি হারে চাঁদাবাজির ব্যবসা হিসেবে উল্লেখ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, প্রশাসক ও রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য রাখা হচ্ছে না। অতীতে দুর্নীতি ও চাঁদাবাজির যে সংস্কৃতি ছিল, এখনো তা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাধারণ পুলিশ সদস্যরা কষ্ট করলেও তাঁদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এ সময় তিনি পুলিশের আইজিপির ক্রসবায়ার সংক্রান্ত বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। মুগদা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এলাকার অলিগলিতে মাদক পাওয়া যাচ্ছে এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে অস্ত্র রয়েছে। এলাকার গ্যাস সংকট, মশা ও মুগদা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।
উচ্ছেদ ও টাকার বিনিময়ে দোকান বসানোর চক্র চলছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। মুগদায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।



0 মন্তব্যসমূহ