মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত নিলামে চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার রাতে মরিচা মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে এই নিলাম অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে কমলাগুলো নিলামে তোলা হয়। ৫ হাজার টাকা থেকে শুরু হওয়া এই নিলামে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। পুরো ওয়াজ মাহফিলের পাশাপাশি নিলাম পর্বটিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। মাহফিলে উপস্থিত শ্রোতারা জানান, মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই মূলত নিলামে অংশ নেন সবাই। সাধারণ মানুষের সহায়তায় পরিচালিত এই ধর্মীয় প্রতিষ্ঠানের ফান্ডে নিলামের অর্থ জমা হবে। আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তার অংশ হিসেবেই তাঁর বাবা এই মূল্যে কমলাগুলো কিনেছেন এবং পরবর্তীতে মাদ্রাসাটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ এবং মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসার তহবিলের সহায়তার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ মাহফিলে নানা ধরনের ফল নিলামে তোলা হয়ে থাকে। এবারের মাহফিলে চারটির কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের মতে, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই মূলত ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে ফলগুলো এত বেশি দামে বিক্রি হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাদ্রাসার ওয়াজ মাহফিলে আয়োজিত নিলামে চারটি কমলার দাম উঠেছে ৫০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তার উদ্দেশ্যে এই কমলাগুলো কিনে নেন।



0 মন্তব্যসমূহ