দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিডি এলজিদের অংশগ্রহণে আয়োজিত সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের জন্য ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। দরিদ্র মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে একটি ঐচ্ছিক ফান্ড থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই তহবিলের মাধ্যমে দরিদ্রদের দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক সহায়তা দেওয়া সম্ভব হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থ সরবরাহ করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব আয় থেকে বরাদ্দের ব্যবস্থা করবে। এ ছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পূর্বের স্বৈরাচারী আমলে সরকারি নির্দেশ পালন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন, কিন্তু বর্তমান সরকার কাউকে রাতের ভোট বা ডামি নির্বাচন করার নির্দেশ দেবে না। তিনি আরও বলেন, রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারের ঘটনার পর ঢাকা উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই এমপির ব্যক্তিগত দায় কোনোভাবেই সরকার নেবে না বলেও স্পষ্ট করে জানান তিনি।
দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলা রোধে মাঠপর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।



0 মন্তব্যসমূহ