ভারতে প্রায় ছয় বছর ধরে কারাবন্দী থাকা ছাত্র আন্দোলনের সাবেক নেতা উমর খালিদ মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। ঝুঁকির মুখে থাকা মানবাধিকারকর্মীদের সম্মান জানাতে প্রবর্তিত ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স অ্যাওয়ার্ড ২০২৬ এর এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আয়ারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স এই ঘোষণা দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, একপক্ষ উমর খালিদকে রাষ্ট্রের শত্রু ও দেশবিরোধী হিসেবে চিত্রিত করলেও অন্যপক্ষের কাছে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর, জাতীয় বীর এবং একজন মানবাধিকারকর্মী। নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে দীর্ঘ সময় ধরে বন্দী রাখা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল উমর খালিদকে গ্রেপ্তার করে। উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় তাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহ এবং ভারতীয় দণ্ডবিধির হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৮টি ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আয়ারল্যান্ডের ডাবলিনে ট্রিনিটি কলেজে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উমর খালিদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বাবা সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস। এদিকে দীর্ঘ কারাবাসের সময়ে উমর খালিদের জামিন আবেদন বারবার নাকচ হয়েছে। গত সেপ্টেম্বরে দিল্লি হাইকোর্ট দাঙ্গার ষড়যন্ত্র মামলায় তার ও শরজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দেন। এর আগে গত মে মাসে মায়ের অস্ত্রোপচার উপলক্ষে তাকে তিন দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল।
ভারতে প্রায় ছয় বছর ধরে কারাবন্দী ছাত্র আন্দোলনের সাবেক নেতা উমর খালিদ ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স অ্যাওয়ার্ড ২০২৬ এর এশিয়া অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছেন।



0 মন্তব্যসমূহ