রাশিয়ার রাজধানী মস্কো ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষের তথ্যমতে, হামলার কারণে পুরো অঞ্চলজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাশিয়ার রাজধানী এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার মুখে পড়েছে। শনিবার থেকে এখন পর্যন্ত ১৬০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে ধেয়ে আসা ৪৫০টি ড্রোনও রয়েছে। তিনি উল্লেখ করেন, কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগারে আঘাত হেনে ক্ষতিসাধন করেছে এবং একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেয়র সোবিয়ানিনের ভাষ্য অনুযায়ী, নির্বাচন ব্যাহত করার লক্ষ্যেই স্পষ্টত এই নজিরবিহীন হামলা পরিকল্পিত হয়েছিল, যদিও প্রতিপক্ষ সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাক্সে জানিয়েছেন, এই হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামেনস্কি জেলায় একটি ড্রোন পড়ে ২১ তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আগুন ধরে যাওয়ার পর সেখান থেকে চারশত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় প্রায় বিশটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর জানান, সোফাইনো এলাকায় একটি ড্রোন তিনতলা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানলে একজন নিহত ও পাঁচজন আহত হন। পাশাপাশি ওরেখোভো-জুয়েভো জেলায় একজন নিহত এবং লেনিনস্কি জেলায় একজন আহত হয়েছেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচন এবং আঞ্চলিক ও স্থানীয় নির্বাচনের শেষ দিনে ভোটগ্রহণ চলাকালেই এই হামলার ঘটনা ঘটে।
রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। সংসদীয় নির্বাচনের শেষ দিনে ভোটগ্রহণ চলাকালে এই হামলা চালানো হয়।



0 মন্তব্যসমূহ