ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সভায় রাজধানী ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং নাব্যতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক দিক পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেছেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসকরা অংশ নেন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার চারপাশের নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ দেন তিনি।



0 মন্তব্যসমূহ