সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সফরকে কেন্দ্র করে রাতভর চলেছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হাসপাতালটি পরিদর্শনে আসার কথা রয়েছে। মন্ত্রীদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডোরে পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। মেঝে ঝাড়ু দেওয়া ও ধোয়া-মোছার এই বিশেষ তোড়জোড় দেখে রোগী ও তাদের স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমনের খবরে যেভাবে তৎপরতা দেখানো হয়, সাধারণ সময়ে সেভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন সোহেল মিয়া জানান, মন্ত্রীর আসার খবরে এক রাতেই যদি হাসপাতাল এতটা পরিষ্কার করা সম্ভব হয়, তবে নিয়মিত এই মান বজায় রাখা উচিত। এতে সেবার পরিবেশ উন্নত হতো। ফারুক আহমদ নামে আরেকজন স্বজন বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় পরিচ্ছন্নতা কোনো বিশেষ ব্যক্তির আগমনের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিলেটে স্বাস্থ্যমন্ত্রীর সফর উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতভর চলল বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা। নিয়মিত এমন পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।



0 মন্তব্যসমূহ