ইসলামে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ ইবাদত। তবে বিভিন্ন কারণে নামাজ সময়মতো আদায় করা সম্ভব না হলে তা পরবর্তীতে আদায়ের বিধান রয়েছে, যাকে ইসলামি পরিভাষায় 'কাজা' বলা হয়। শরিয়ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নামাজ পড়াকে 'আদা' এবং সময় পার হওয়ার পর পড়াকে 'কাজা' হিসেবে গণ্য করা হয়।
রাসুলুল্লাহ (সা.) এবং সাহাবিদের জীবনেও যুদ্ধের কঠিন পরিস্থিতিতে নামাজ কাজা হওয়ার নজির রয়েছে। খন্দকের যুদ্ধের সময় আসরের নামাজ সময়মতো পড়তে না পারায় মহানবী (সা.) সূর্যাস্তের পর প্রথমে আসর এবং পরে মাগরিবের নামাজ আদায় করেছিলেন। হাদিসের বর্ণনা অনুযায়ী, কেউ যদি ঘুমের কারণে বা ভুলে যাওয়ার ফলে নামাজ পড়তে না পারেন, তবে মনে পড়ার সাথে সাথেই তা আদায় করে নেওয়া তার জন্য আবশ্যক।
ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে চার মাজহাবের ইমামগণই কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিয়ি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল—এই চারজন প্রথিতযশা ফকিহ একমত হয়েছেন যে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলেও তা কাজা করা ফরজ। তাদের মতে, নামাজ হলো আল্লাহর কাছে বান্দার একটি ঋণ, যা পরিশোধ না করা পর্যন্ত দায়মুক্তি ঘটে না। যদিও ইমাম ইবনে তাইমিয়া বা ইবনে হাজমের মতো কিছু আলেম ভিন্ন মত পোষণ করেছেন, তবে জমহুর ওলামা বা সংখ্যাগরিষ্ঠ ফকিহদের মতে, অতীতের সব ছুটে যাওয়া নামাজের হিসাব করে তা ধারাবাহিকভাবে আদায় করাই নিরাপদ পথ।
কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ ওয়াক্তের ফরজ এবং এশার নামাজের পরের বিতর নামাজ আদায় করতে হয়। এক্ষেত্রে আন্তরিকভাবে তওবা করার পাশাপাশি একটি আনুমানিক হিসাব করে প্রতিদিনের নিয়মিত নামাজের সাথে একটি বা একাধিক কাজা নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে একজন মুমিন তার অতীতের ভুল সংশোধন করে আল্লাহর দরবারে দায়মুক্ত হওয়ার সুযোগ পান।
নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ হলেও নানা কারণে তা ছুটে যেতে পারে। ইসলামি শরিয়ত অনুযায়ী কাজা নামাজ আদায়ের গুরুত্ব, নিয়ম এবং এ বিষয়ে চার মাজহাবের মতামত জেনে নিন।



0 মন্তব্যসমূহ