চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রাম ওয়াসা। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলের এই প্রকল্পে নেদারল্যান্ডস সরকার আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। শুক্রবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে তিন বছর মেয়াদি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই প্রকল্পে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করবে ‘ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ’ এবং ‘ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড’। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন।
সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য একটি আধুনিক পিপিপি মডেলের পরীক্ষা চালাবে। প্রাথমিকভাবে নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পানির চাহিদা যাচাই করে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে সুবিধাবঞ্চিত বাসিন্দাদের কাছে আরও কার্যকর ও মানসম্মত পানি সরবরাহ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারের একার পক্ষে সব ক্ষেত্রে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মডেল প্রয়োগ করা হচ্ছে। এই চুক্তির ফলে নগরবাসী সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত পানি সরবরাহ নিশ্চিত করতে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা। পিপিপি মডেলের এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে দেশটি।



0 মন্তব্যসমূহ