ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চকে স্বাগত জানিয়ে আয়োজিত এই মিছিলে দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান জানান, মিছিলে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন। তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে নেতাকর্মীদের শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে এই হামলা হয়। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখছে।



0 মন্তব্যসমূহ