মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব্যুরোঃ
লালমনিরহাটের পাটগ্রামে একটি ভারতীয় ষাঁড় গরু এবং নীলফামারীর ডিমলায় ইয়াবা ও গাঁজাসহ মুকুল রায় (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ৫১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, শুক্রবার ভোর ৫.০০ টার দিকে সিভিল সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল কোম্পানি কমান্ডার সুবেদার মো. খাদেমুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পের পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডিএএমপি ৭/১৪-এস পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের দিক থেকে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিকে একটি গরু নিয়ে আসতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভারতীয় ষাঁড় গরু আটক করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। হাবিলদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুকুল রায়কে আটক করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। তার দেহতল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা এবং নগদ ১৪০০ (এক হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়। আটক মুকুল রায় নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত শিবেন্দ্র রায়।
বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে আটক গরু ও উদ্ধার করা মালামালের আনুমানিক মোট মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা। আটক মুকুল রায়কে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় ষাঁড় গরুটির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫১ বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


0 মন্তব্যসমূহ