Recents in Beach

ব্রেকিং নিউজ

মিরপুরে বাসে আগুন দেওয়ার মামলায় যুবলীগ নেতা মোতাহার ও কর্মী জাফর কারাগারে

মিরপুরে বাসে আগুন দেওয়ার মামলায় যুবলীগ নেতা মোতাহার ও কর্মী জাফর কারাগারে

রাজধানীর মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসম্পাদক মো. মোতাহার হোসেন খান এবং কর্মী মো. আবু জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে এবং আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার নথিপত্র অনুযায়ী, আসামি মোতাহার হোসেন নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাঈনুল হোসেন খান নিখিলের আপন ছোট ভাই। এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর মডেল থানার ৬০ ফুট এলাকা থেকে মোতাহার হোসেনকে এবং ২৬ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় অভিজাত পরিবহনের একটি চলন্ত বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই সময় বাসে থাকা ৩০ থেকে ৩৫ জন যাত্রী দ্রুত নেমে প্রাণে বেঁচে যান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। মামলার অভিযোগে সুফলের হুকুম ও প্ররোচনায় অন্যদের যোগসাজশে এই অগ্নিসংযোগের কথা বলা হয়েছে। মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

সংক্ষেপে:
মিরপুরে বাসে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ যুবলীগের নেতা মোতাহার ও এক কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মিরপুরে বাসে আগুন দেওয়ার মামলায় যুবলীগ নেতা মোতাহার ও কর্মী জাফর কারাগারে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ