খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ার নেশা থেকে মুক্তি পেতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সজীব মিয়া নামে এক যুবক। শনিবার বিকেলে রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি আর কখনো ক্যাসিনো না খেলার প্রকাশ্য ঘোষণা দেন। সজীব উপজেলার লামকুপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে এবং পেশায় একজন সবজি ব্যবসায়ী।
সজীব জানান, গত ৭-৮ বছর ধরে তিনি অনলাইন ক্যাসিনোতে আসক্ত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন। জুয়ার নেশা এতটাই তীব্র ছিল যে, পকেটে সামান্য টাকা থাকলেও অন্যের কাছ থেকে ধার করে তিনি জুয়া খেলতেন। একপর্যায়ে আসক্তি কাটাতে নিজের মোবাইল ফোন ভেঙে ফেললেও পুনরায় তিনি এই পথে পা বাড়ান। সম্প্রতি বিয়ের পর তার স্ত্রীর অনুপ্রেরণা এবং নিজের আত্মোপলব্ধি থেকে তিনি এই পথ থেকে চিরতরে সরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
শনিবার স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই শপথ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা তার গায়ে দুধ ঢেলে দেন। সজীব অন্যদেরও এই ধ্বংসাত্মক পথ পরিহার করে সততার সঙ্গে জীবন নির্বাহের আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
সজীবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, সজীবের এই আত্মোপলব্ধি প্রশংসনীয় এবং তাকে দেখে অন্যরাও যেন সঠিক পথে ফিরে আসে সেই প্রত্যাশা করি। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম এই ঘটনাকে সমাজের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সজীবকে সাধুবাদ জানান।
অনলাইন জুয়ায় ১৫ লাখ টাকা হারিয়ে অবশেষে দুধ দিয়ে গোসল করে তওবা করলেন খাগড়াছড়ির রামগড়ের যুবক সজীব মিয়া। দীর্ঘ ৮ বছরের আসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার দোয়া চেয়েছেন তিনি।



0 মন্তব্যসমূহ