বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করতে ১০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট বা অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী আবাসন অর্থায়ন প্রকল্পের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এবং অনুমোদিত বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে এই ঋণ পৌঁছাবে। সাধারণ মানুষ কোনো জামানত ছাড়াই দীর্ঘমেয়াদি এই ঋণ নিয়ে নিজেদের বাসস্থান নির্মাণ, সংস্কার কিংবা আধুনিকায়ন করতে পারবেন। এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, নিরাপদ আবাসন মানুষের মর্যাদা ও জীবনযাপনের মূল ভিত্তি এবং এই উদ্যোগ দরিদ্র বিমোচন, সামাজিক সুরক্ষা ও টেকসই অর্থনীতিতে বড় অবদান রাখবে। ২০৩১ সালের মধ্যে প্রায় ৪০ হাজার পরিবারকে এই ঋণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে অন্তত ৩২ হাজার বা ৮০ শতাংশই হবেন নারী। এছাড়া জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিতে থাকা অঞ্চলের প্রায় ২৪ হাজার পরিবার এই সুবিধা পাবে। এই প্রকল্পের আওতায় নারীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নিয়ম রাখা হয়েছে এবং বন্যা, জলোচ্ছ্বাস ও অতিরিক্ত উত্তাপ সহনশীল বাড়ি তৈরির নকশা ও পরামর্শ দেওয়া হবে। মোট ১০ কোটি ডলারের এই তহবিলের মধ্যে ৪ কোটি ডলার সরাসরি জলবায়ু অভিযোজন সহায়তা হিসেবে বরাদ্দ রয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থার উন্নয়নে আরও ৬ লাখ ডলার অনুদান দেওয়া হচ্ছে।
বাংলাদেশে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নিরাপদ আবাসন তৈরিতে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে নারী ও জলবায়ু ঝুঁকিতে থাকা পরিবারগুলো দীর্ঘমেয়াদি জামানতবিহীন ঋণ পাবে।



0 মন্তব্যসমূহ