শিল্প খাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম অধিকার রক্ষায় দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে তাদের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম সুরক্ষা এবং শ্রম বিরোধ নিরসনে পুলিশের ভূমিকা নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়।
আলোচনায় আইএলওর শ্রম অধিকার ও শোভন কর্মসংস্থানের লক্ষ্য এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বের মধ্যে পারস্পরিক মিলের বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষ শ্রমিকদের অধিকার সুরক্ষা ও শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপমহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, উপমহাপরিদর্শক হারুন-উর-রশিদ হাযারী, উপমহাপরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প খাতে শান্তি ও শ্রম অধিকার রক্ষায় আইএলও এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের সুরক্ষা ও শিল্পে স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।


0 মন্তব্যসমূহ