বিশ্বজুড়ে ভিডিও স্ট্রিমিংয়ের বাজারে ইউটিউবের একাধিপত্য মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম বিলিবিলি। আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের কনটেন্ট ক্রিয়েটর বা ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ শুরু করেছে তারা।
আগে চীনের বাইরে থেকে বিলিবিলিতে নিবন্ধনের জন্য পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাইয়ের কঠোর নিয়ম ছিল। তবে নতুন এই সম্প্রসারণ পরিকল্পনার আওতায় সেই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে, যার ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ সহজেই এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। বিলিবিলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আন্তর্জাতিক সংস্করণে চীনা ভিডিওর পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতাদের কনটেন্টও দেখা যাবে।
বিদেশি নির্মাতা ও দর্শকদের সুবিধার্থে প্রতিষ্ঠানটি বর্তমানে ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজ করছে। এর মাধ্যমে নির্মাতারা আরও সহজে ভিডিও আপলোড ও ব্যবস্থাপনা করতে পারবেন। এছাড়া বিশ্বজুড়ে কার্যক্রম ত্বরান্বিত করতে লন্ডন, লস অ্যাঞ্জেলেস, টোকিও, মেক্সিকো সিটি, সাও পাওলো ও ইস্তাম্বুলের মতো বড় শহরগুলোতে স্থানীয় ‘কমিউনিটি ম্যানেজার’ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে মিস্টারবিস্টের মতো বিশ্বখ্যাত নির্মাতারা এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন।
চীনে বর্তমানে বিলিবিলির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। এই বিশাল বাজারকে কাজে লাগিয়ে নির্মাতা ও ব্র্যান্ডগুলোর মধ্যে ব্যবসায়িক সংযোগ ঘটাতে একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের। পাশাপাশি ভিডিওর বিষয়বস্তু নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইউটিউবের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দেওয়া বিলিবিলির জন্য বড় চ্যালেঞ্জ হবে। বিশেষ করে মানসম্মত নির্মাতা ও দর্শক ধরে রাখার পাশাপাশি চীনা মালিকানাধীন হওয়ায় ভবিষ্যতে তথ্য সুরক্ষা বা রাজনৈতিক চাপের মুখে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট অভিযোগ ওঠেনি।
ইউটিউবকে টেক্কা দিতে বিশ্ববাজারে কার্যক্রম বাড়াচ্ছে চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি। শিথিল করা হয়েছে নিবন্ধনের নিয়ম। আন্তর্জাতিক নির্মাতাদের টানতে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ।



0 মন্তব্যসমূহ