ভারতের বিহার রাজ্যে গঙ্গার পানি বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফারাক্কা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আহ্বান জানান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, উজান থেকে আসা পানির চাপে বিহারের বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায় ফারাক্কার সব গেট খুলে দেওয়া হলে গঙ্গার পানিপ্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং বিহারের চরম বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে পানিপ্রবাহ ও পলি জমার সমস্যার মধ্যে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) সংসদ সদস্য সঞ্জয় ঝা। আগামী ডিসেম্বরে এই চুক্তির ৩০ বছর পূর্ণ হতে চলায় তিনি কেন্দ্রীয় সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সঞ্জয় ঝা দাবি করেন, নব্বইয়ের দশকে চুক্তিটি করার সময় বিহারের স্বার্থ ও পানিনিষ্কাশন ব্যবস্থাকে উপেক্ষা করা হয়েছিল। স্থানীয় স্বার্থ ও বন্যা নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে গঙ্গা চুক্তির মেয়াদ নবায়নের বিষয়ে কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বিহারে গঙ্গার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। একইসঙ্গে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার দাবি তুলেছেন জেডিইউ সংসদ সদস্য সঞ্জয় ঝা।



0 মন্তব্যসমূহ