নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২১টি শর্ত সাপেক্ষে এই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক পত্রে এই অনুমতি প্রদান করা হয়। শর্ত অনুযায়ী, নির্ধারিত স্থান ও সময়ের বাইরে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এছাড়া উসকানিমূলক বক্তব্য প্রদান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটানো এবং নিজস্ব ব্যবস্থাপনায় যানবাহন পার্কিংয়ের নির্দেশনাও দিয়েছে পুলিশ।
বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম জানান, বছরের পর বছর বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছেন তারা। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
এমপিওভুক্তির দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ডিএমপির অনুমতি নিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।



0 মন্তব্যসমূহ