দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘হোপ’ মুক্তির আগেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীকাল বুধবার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এর মধ্যেই অগ্রিম টিকিট সংগ্রহের জন্য দর্শকদের মাঝে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল পর্যন্ত বিক্রি হওয়া মোট অগ্রিম টিকিটের ৬২ দশমিক ১ শতাংশই ছিল এই সিনেমার দখলে। এ সময় প্রায় ৩ লাখ ৯০ হাজার টিকিট বুকিং সম্পন্ন হয়েছে, যা চলতি বছরের যেকোনো সিনেমার জন্য দ্রুততম অগ্রিম বিক্রির রেকর্ড।
সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা না হং–জিন। গত দুই দশকে ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ ও ‘দ্য ওয়েইলিং’ এর মতো প্রশংসিত সিনেমা নির্মাণের পর প্রায় ১০ বছর বিরতি দিয়ে তিনি এই নতুন কাজ নিয়ে ফিরলেন। ২০২৪ সালের মার্চ মাসে শুটিং শেষ হওয়া এই সিনেমাটি চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হয়।
‘হোপ’ সিনেমার সাফল্যের ওপর পরিবেশক প্রতিষ্ঠান প্লাস এম এন্টারটেইনমেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে। সম্প্রতি প্লাস এম এন্টারটেইনমেন্ট ও তাদের মূল প্রতিষ্ঠান জুংআং গ্রুপের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান আদালতের কাছে দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে। বিশ্লেষকদের মতে, এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে।
এদিকে দর্শকদের সিনেমা হলে টানতে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। ৮ জুলাই থেকে ২০ লাখ ৫০ হাজার টিকিটে ছয় হাজার ওন করে ছাড়ের কুপন দেওয়া হচ্ছে, যার বড় একটি অংশ ‘হোপ’ সিনেমার ক্ষেত্রে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি সিউলে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটির অ্যাকশন দৃশ্য ও ভিজ্যুয়াল ইফেক্ট সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। করোনার পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার সিনেমার বাজার যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, তখন ‘হোপ’ প্রত্যাশা পূরণ করতে পারে কি না, সেদিকেই এখন সবার নজর।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘হোপ’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে নির্মাতা না হং–জিনের এই নতুন চলচ্চিত্রটি।



0 মন্তব্যসমূহ