রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা শুরু করতে হবে। একইসঙ্গে তিনি সাইবার বুলিং, মাদক এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রেজাউল বিল্লা শিমুল ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও অ্যালামনাইরা এতে অংশ নেন।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের গত পাঁচ বছরের কার্যক্রমের প্রশংসা করে ফারজানা শারমীন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, দুর্যোগে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন মানবিক বাংলাদেশ গড়তে পরিবার থেকে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।



0 মন্তব্যসমূহ