অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’র জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে লন্ডনের লেস্টার স্কয়ারে। গত সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে লালগালিচায় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক ও একঝাঁক তারকা অভিনয়শিল্পী। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের ছবিটি আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।
ইউনিভার্সাল স্টুডিওর ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে নির্মাতা ক্রিস্টোফার নোলানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও ছবির প্রযোজক এমা থমাস। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিশাল আকৃতির একটি কাঠের তৈরি ট্রোজান ঘোড়া।
অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাট ডেমন, যিনি ছবিতে ট্রোজান যুদ্ধের বীর ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন। ভ্যারাইটির সাথে আলাপকালে তিনি শুটিংয়ের অভিজ্ঞতাকে অত্যন্ত চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী বলে বর্ণনা করেছেন। দেবী অ্যাথেনা চরিত্রে অভিনয় করা জেনডায়া এবং ওডিসিউসের ছেলে টেলেমাকাস চরিত্রের অভিনেতা টম হল্যান্ডও প্রিমিয়ারে হাজির ছিলেন। জেনডায়া তাঁর বাস্তব জীবনের সঙ্গী টম হল্যান্ডের অভিনয়ের প্রশংসা করে জানান, এক মাসের ব্যবধানে দর্শক তাঁকে ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন।
অভিনেত্রী অ্যান হ্যাথওয়েকে লালগালিচায় দেখা গেছে অন্তঃসত্ত্বা অবস্থায়। এছাড়া ‘টেনেট’-এর পর দ্বিতীয়বারের মতো নোলানের সঙ্গে কাজ করা অভিনেতা রবার্ট প্যাটিনসন এবং ক্যালিপসো চরিত্রে অভিনয় করা শার্লিজ থেরনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শার্লিজ থেরন এমন সাহসী গল্পের প্রেক্ষাপটে কাজ করার জন্য নির্মাতার সাহসিকতার প্রশংসা করেন।
লন্ডনে অনুষ্ঠিত হলো ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা দ্য ওডিসির জমকালো প্রিমিয়ার। হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের ছবিটি ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে।


0 মন্তব্যসমূহ