বান্দরবানের লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকায় একটি ভাড়াবাসা থেকে মো. হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা এবং তিনি কর্মসূত্রে লামা পৌরসভার ওই এলাকায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হাসানের ছোট বোন পরিবারের অমতে বিয়ে করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি নিজ কক্ষের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে লামা থানার এসআই (নিঃ) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লামা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বান্দরবানের লামায় একটি ভাড়াবাসা থেকে মো. হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বোনের বিয়ে নিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



0 মন্তব্যসমূহ