ভারতে চলমান প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলন নিরসনে মোদি সরকারের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আলোচনা হতে হবে হয় আন্দোলনস্থল যন্তর মন্তরে অথবা কোনো নিরপেক্ষ স্থানে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপি নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি নেতা অশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জনরোষের ভয়ে যন্তর মন্তরে আসতে চাইছেন না, তাই তারা সেখানে গিয়ে সময় নষ্ট করবেন না।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত তরুণ নেতাদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আহ্বান জানিয়েছিলেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার লড়াই নয়। তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা তাদের সরকারি বাসভবন বা দপ্তরে কোনো সময়সীমা ছাড়াই আলোচনায় বসতে রাজি ছিলেন। কিন্তু সিজেপি তাদের দাবিতে অনড় রয়েছে। এদিকে আন্দোলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক মাধ্যমে তিনি জানান, অসুস্থতার কারণে সাময়িক বিশ্রামে থাকলেও দ্রুতই তিনি যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরবেন।
বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। যদিও দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া জনতাকে ঠেকাতে গেলে পুলিশের ওপর পাথর ও বোতল ছোড়া হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। বর্তমানে এই আন্দোলন পুরো ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে।
ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে মোদি সরকারের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি। নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবিতে অনড় আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ চলছে।



0 মন্তব্যসমূহ