বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য সৌদি আরব একটি নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ই-ভিসা সুবিধা চালু করেছে। এই বিশেষ উদ্যোগের আওতায় পর্যটকরা এখন থেকে একটি মাত্র বুকিংয়ের মাধ্যমেই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ফিরতি বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। সৌদি পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থায় ভিসার জন্য আলাদাভাবে আবেদন করা বা দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন করার ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে ই-ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় নথি পর্যটকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে রিজারভাল ও আলমোসাফের নামের দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সি এই সেবা প্রদান করছে। তিন মাস মেয়াদী এই ই-ভিসায় এককালীন প্রবেশের সুযোগ থাকবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে। খরচের বিষয়ে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল এবং পরবর্তী প্রতি অতিরিক্ত দিনের জন্য এক হাজার রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ বীমা বাবদ মোট ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল ব্যয় হবে। তবে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই প্যাকেজে উমরাহ সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। যদিও এই ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা ও মদিনাসহ দেশের যেকোনো অঞ্চলে ভ্রমণ করতে পারবেন। ফ্লাইট বা আবাসন বাতিলের ক্ষেত্রে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এক বুকিংয়েই মিলবে ই-ভিসা, টিকিট ও হোটেল সুবিধা। কোনো ঝামেলা ছাড়াই ৪৮ ঘণ্টার মধ্যে মিলবে ভিসা।



0 মন্তব্যসমূহ