ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এই আয়োজনে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় কলেজের দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং পরবর্তীতে একটি আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এই বিশেষ আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত থাকবেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই আয়োজনকে একটি মিলনমেলা হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথচলার ৮০ বছর পূর্ণ করে প্রতিষ্ঠানটি এক অনন্য মাইলফলক স্পর্শ করল।
ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নতুন ছাত্রী হোস্টেলের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডা. জোবাইদা রহমানও।


0 মন্তব্যসমূহ