Recents in Beach

ব্রেকিং নিউজ

খামেনি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শাহবাগে জেডিপির আজাদি পতাকা মিছিল

খামেনি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শাহবাগে জেডিপির আজাদি পতাকা মিছিল

ইরানের প্রয়াত নেতা খামেনি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানীর শাহবাগে আজাদি পতাকা মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ ইমাম খামেনির দাফন কার্যক্রম শুরু উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, ইরানের বিজয় উদযাপন এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানানো জরুরি। তারা সামরিক আগ্রাসন, দখলদারিত্ব ও নিরীহ মানুষের প্রাণহানির নিন্দা জানিয়ে এসবের অবসানের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। সেই চেতনা থেকেই বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক সমাধানের দাবি জানান। এছাড়া ভারতের আগ্রাসী নীতির সমালোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গেও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।

জেডিপির এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার যুগ্ম সদস্যসচিব লায়ন উমার রাজী, জনজোটের আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী, গ্রিন পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আম্মার, জনতার দলের যুগ্ম সদস্যসচিব স্বনাম ফুয়াদ এবং জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষেপে:
খামেনি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শাহবাগে আজাদি পতাকা মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। মিছিলে বক্তারা বিশ্বশান্তি ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ