রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের অভ্যন্তরে আসবাবপত্র বসিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও নির্বাচনী প্রার্থী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল। শনিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-রংপুর মহাসড়কের উড়ালসেতুর নিচে এক সমাবেশে মিলিত হয়। মিঠাপুকুর উপজেলা যুবদলের সভাপতি বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম (নিক্সন পাইকার), জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান, বিএনপি নেতা হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, মসজিদ একটি পবিত্র ইবাদতখানা। সেখানে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামী রাজনৈতিক সভা ও প্রার্থী ঘোষণা করে ধর্মীয় স্থানের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত না হওয়ার এবং ধর্মীয় লেবাসধারীদের বর্জন করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ জুন মাগরিবের নামাজের পর ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোহর বাদশার নাম ঘোষণা করা হয়। সম্প্রতি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
রংপুরের মিঠাপুকুরে মসজিদের ভেতর জামায়াতের রাজনৈতিক সভা ও প্রার্থী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবদল ও বিএনপি। ধর্মীয় পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ নেতাকর্মী অংশ নেন।



0 মন্তব্যসমূহ