২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টিল শিল্পের ওপর অতিরিক্ত কর ও শুল্কের বোঝা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএসএমএ)। গত বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নতুন কর কাঠামো এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে প্রতি টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ১১ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ব্যয় বাড়তে পারে। তিনি উল্লেখ করেন যে, বাজেটে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও অতিরিক্ত ভ্যাট ও শুল্কের চাপ এই খাতের টিকে থাকাকে চ্যালেঞ্জিং করে তুলবে। এছাড়া বন্দর ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং কাঁচামালের ওপর উচ্চ কর আরোপের ফলে উৎপাদন খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে তিনি জানান।
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—স্থানীয় স্ক্র্যাপের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, ফেরো-অ্যালয়, রিফ্যাক্টরি সামগ্রী ও স্পেয়ার পার্টসের ওপর শুল্ক পুনর্বিবেচনা, টার্নওভার ট্যাক্স ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ০.৬ শতাংশ নির্ধারণ এবং উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাজারে চাহিদা তৈরি করা।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে স্টিল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শিল্পকে শক্তিশালী করতে পারলে সরকারের রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত হবে। তাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে স্টিল শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
স্টিল শিল্পে অতিরিক্ত কর ও শুল্কের চাপে প্রতি টনে উৎপাদন খরচ ১১-১২ হাজার টাকা বাড়তে পারে। এই সংকট মোকাবিলায় ৫ দফা দাবি জানিয়েছে স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।



0 মন্তব্যসমূহ