প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল রবিবার তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ছয় দিনের এই সংক্ষিপ্ত সফরের দ্বিতীয় পর্যায়ে তার চীনে যাওয়ার কথা রয়েছে। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার দুই দেশের সরকারপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফর সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়া সফরের প্রধান লক্ষ্য হচ্ছে স্থবির হয়ে থাকা শ্রমবাজার পুনরায় সচল করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এছাড়া হালাল পণ্য রপ্তানিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হবে। এর আগে ২০২৫ সালের আগস্টে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেছিলেন। সেই সময় দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরিত হয়েছিল।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। কূটনৈতিকভাবে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ও বেইজিংয়ের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে এগোবে, তা এই সফরের মাধ্যমেই স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান। শ্রমবাজার সচল ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।



0 মন্তব্যসমূহ