বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। বিধানসভায় গৃহীত শোকপ্রস্তাবের একটি অনুলিপি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। গত মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই কূটনৈতিক সহায়তা চাওয়া হয়।
চিঠিতে জানানো হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। ওই অধিবেশনের কার্যবিবরণীর সংশ্লিষ্ট অংশের অনুলিপিও চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। বিধানসভার অধিবেশনে স্পিকার খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর তার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে বিধানসভার সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।
শোকপ্রস্তাবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব দিয়েছেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়। তাকে দক্ষিণ এশিয়ার সমকালীন রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আখ্যায়িত করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। গৃহীত শোকপ্রস্তাবটি তার পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশের উপ-হাইকমিশনকে চিঠি দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ