Recents in Beach

ব্রেকিং নিউজ

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ: ৪ শতাংশ সুদে ঋণ ও প্রশিক্ষণ ভাতা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ: ৪ শতাংশ সুদে ঋণ ও প্রশিক্ষণ ভাতা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

দেশে বেকারত্ব নিরসন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করছে। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী জানান, বর্তমানে বিনা সুদে কোনো ঋণ প্রকল্প না থাকলেও স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।

সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নতুন উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। তবে জামানত সাপেক্ষে ঋণের পরিমাণ ৩৫ লাখ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য গঠিত ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারত্বে গঠিত ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’র মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ইক্যুইটি সহায়তাও প্রদান করা হচ্ছে।

উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত অন্টাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জেলায় ১০০ ঘণ্টার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিতে উদ্যোক্তাদের কোনো ফি দিতে হয় না, বরং সফলভাবে কোর্স সম্পন্ন করলে ৫ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা পরবর্তী সময়ে ঋণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পেয়ে থাকেন বলে জানান অর্থমন্ত্রী।

সংক্ষেপে:
তরুণ উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ ও প্রশিক্ষণ ভাতার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। বিস্তারিত জানতে সংবাদটি পড়ুন।
তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ: ৪ শতাংশ সুদে ঋণ ও প্রশিক্ষণ ভাতা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ