রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে শেরেবাংলা নগরের এই কার্যালয়ে পৌঁছান তিনি। পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই হঠাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পারসোর প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্পারসোর সার্বিক কার্যক্রম ও বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের চলমান গবেষণা ও নতুন উদ্ভাবনগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নিরাপত্তা ও দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম এমন একটি শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে এটিকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এই পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান ও উপগ্রহ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে নিয়োজিত প্রধান জাতীয় প্রতিষ্ঠান।
রাজধানীর আগারগাঁওয়ে স্পারসো কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠানটিকে আধুনিক ও স্বনির্ভর করতে এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।



0 মন্তব্যসমূহ