আগামী ১৪ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্থানীয় প্রেস সচিব মো: ছফওয়ানুল করিমের পাঠানো তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর সফরের একটি সম্ভাব্য সূচী পাওয়া গেছে।
সফরসূচী অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলহাজারা সাফারি পার্কে পৌঁছাবেন। সেখানে তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন। এরপর তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।
পেকুয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। ওইদিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চকরিয়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলা শহরে রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ জুন সকালে তিনি স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় শেষে ওই দিনই তার ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
আগামী ১৪ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চকরিয়া ও পেকুয়ায় জনসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।



0 মন্তব্যসমূহ