কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ৯টি জিআর মামলা ও ৩টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ছিনতাইকারী নবী হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ জুন) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শোভন কুমার সাহা। অভিযানে তার সাথে ছিলেন এসআই সুমন চন্দ্র সরকার, এসআই জয়নাল আবদিন, এএসআই দীপন দেবনাথসহ পুলিশের একটি বিশেষ ফোর্স।
গ্রেফতারকৃত নবী হোসেন কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়া এলাকার মো. ইউসুফ ও লায়লা দম্পতির ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, মারধর এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় অন্তত ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলার নথিপত্র রয়েছে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, নবী হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা ছাড়াও অস্ত্র আইনের মামলা এবং নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কক্সবাজারের লাইট হাউজ পাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩টি ওয়ারেন্ট ও ৯ মামলার আসামি নবী হোসেন গ্রেফতার। দুর্ধর্ষ এই ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।



0 মন্তব্যসমূহ