নরসিংদীর মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে একটি আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে কারিগরি ও সার্বিক সহায়তা প্রদান করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
সংলাপে বক্তারা উল্লেখ করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হবে। বক্তারা আরও বলেন, বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নত হলেও তা পর্যাপ্ত নয়। এই অগ্রগতির ধারা বজায় রাখতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সহিষ্ণুতা ও নৈতিকতা মেনে চলতে হবে।
পিস অ্যাম্বাসেডর মো. আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. নাজমুন নাহার নূর (লুবনা) এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।
পিএফজি কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মাসুদুর রহমান সোহাগ, জামায়াতে ইসলামীর মনোহরদী পৌর আমীর আসাদুজ্জামান নূর এবং মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ। এছাড়া ধর্মীয় প্রতিনিধি হিসেবে মাওলানা রফিকুল ইসলাম ও পুরোহিত তারাপদ চক্রবর্তী তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা টেকসই শান্তি অর্জনে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নরসিংদীর মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই সংলাপে বক্তারা সহিষ্ণুতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।



0 মন্তব্যসমূহ