মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনার জন্য নির্ধারিত সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ শুক্রবার জেনেভায় এই আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে তা স্থগিতের তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট নির্ধারিত সময়ে রওনা হচ্ছেন না। তবে কারিগরি আলোচনা দ্রুত শুরু করার বিষয়ে তারা উন্মুখ হয়ে আছেন।
এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স থেকে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরান থেকে ভার্চ্যুয়ালি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, শুক্রবার জেনেভায় প্রাথমিক চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা না হলেও চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হবে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আগামী ৬০ দিন ধরে এই আলোচনা চলবে, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি ও জব্দ করা অর্থ ছাড়ের বিষয়গুলো গুরুত্ব পাবে।
চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ৭৯ ডলারের নিচে নেমে এসেছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক মোস্তাফা কোসচেশম মনে করেন, ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে তবে এই চুক্তি ঝুঁকির মুখে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন যে, সমঝোতার শর্ত লঙ্ঘন করা হলে ইরানে হামলা চালানো হবে। দীর্ঘদিনের সংঘাত ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে দেখছে ইরান।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির পরবর্তী আলোচনা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেনেভায় আজ এই আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।



0 মন্তব্যসমূহ