চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এক বর্ণাঢ্য পুরকৌশল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) চুয়েট স্টুডেন্ট চ্যাপটারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতার মেলবন্ধন ঘটে। চুয়েট ছাড়াও এতে অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইইউটি), ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং আন্তর্জাতিক ব্যবসা, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউবিএটি) এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার।
উৎসবের মূল আকর্ষণ ছিল কুইজ, বিজনেস কেস প্রতিযোগিতা এবং পুরকৌশল ল্যাবে অনুষ্ঠিত ‘মর্টার কার্যক্ষমতা পরীক্ষা প্রতিযোগিতা’। শিক্ষার্থীরা হাতে-কলমে সিমেন্ট, বালু ও পানির মিশ্রণ তৈরি করে তাদের কারিগরি দক্ষতা প্রদর্শন করেন। এছাড়া নির্মাণ খাতের বর্তমান বাস্তবতা ও টেকসই উন্নয়ন নিয়ে বিএসআরএম, হোলসিম ও পিডিএলের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজ আকতার মল্লিক, এসিআই বাংলাদেশ চ্যাপটারের সম্পাদক অধ্যাপক রুপক মাতসুদ্দি ও সভাপতি তারেক উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই বাংলাদেশ চ্যাপটারের পরিচালক ও চুয়েট এসিআইয়ের অনুষদ উপদেষ্টা অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও শিল্প খাতের সঙ্গে সংযোগের মাধ্যমেই একজন দক্ষ প্রকৌশলী গড়ে ওঠেন।
বিকেলের অধিবেশনে টেকসই নির্মাণসামগ্রী নিয়ে বিশেষ সেমিনার পরিচালনা করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আ ফ ম সাইফুল আমিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশকৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমেদ। আয়োজনের শেষভাগে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের গবেষণা সম্পর্কে ধারণা লাভ করেন। আইইউটির শিক্ষার্থী রাইসা চৌধুরী এবং বুয়েটের আবরার মাহমুদ এই আয়োজনের ব্যবস্থাপনা ও শিখন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন। এসিআই চুয়েটের সভাপতি আসহাব লাবিব জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব প্রকৌশল সমস্যার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
চুয়েটে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পুরকৌশল উৎসব অনুষ্ঠিত হয়েছে। কুইজ, সেমিনার ও কারিগরি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রকৌশল দক্ষতা প্রদর্শন করেন।



0 মন্তব্যসমূহ