প্রধানমন্ত্রীকে নিয়ে অসংলগ্ন ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গত রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এই শোকজ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন মন্তব্য করায় রফিকুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। তার এই বক্তব্য দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থি বলে মনে করছে জেলা বিএনপি। গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রফিকুল ইসলাম মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে অসংলগ্ন বক্তব্য দেওয়া দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে রফিকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে অসংলগ্ন মন্তব্য করে শোকজ খেলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে জেলা বিএনপি।



0 মন্তব্যসমূহ