কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ‘মাফিয়া সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দলটির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় সারা দেশে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ একটি সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, তাই পুলিশকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সাফ জানান, এটি কোনো রাজনৈতিক দল নয় বরং একটি মাফিয়া সংগঠন। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেই সারা দেশে এই সতর্কতা জারি করা হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের সংঘাত এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়। সেখানে ২৩ জুনের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কায় আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে অন্য রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দলটিকে মাফিয়া সংগঠন হিসেবে আখ্যা দেন।



0 মন্তব্যসমূহ